যেসব চাইনি আমি  
দেবনাথ সুকান্ত

হ্যাঁ আমি
নিজের পাশে শখানেক ছায়া রেখে চাইনি কোনো জংশন ষ্টেশন আসুক
তাদের চলে যাওয়া চাইনি সহ্য করতে
কিন্তু সহানুভূতির বদলে যখন ঝড়ের মাঝে আম কুড়োতে যাচ্ছি
বা অনেকটা পোড়ানোর পর যখন নুন ছিটিয়ে দিচ্ছি যাতে গন্ধ না আসে
তখন, ছায়াগুলি আপনা থেকে সরে গেছে
                
তুমি বলেছিলে ঠিক একটি মুহূর্ত আসবে 
অচেনা মানুষ আর খুঁজে পাবেনা 
সাদা মেঘের দিকে তাকানো তোমার মুদ্রাদোষ হয়ে যাবে
রাস্তার দুপাশে সরে যাওয়া ধুলোতে তাকিয়ে দেখবে
তুমি চাওনি অথচ তোমার জামার বোতাম গুলি ছিঁড়ে গেছে
আর ঘরের দিকে চলে যাওয়া ছেলেটি দাঁড়িয়ে পড়েছে জানেনা

তারপর উড়ন্ত পর্দার দিকে ফিরে বলছে
না আমি চাইনি কারোর অসতর্ক মুহূর্তের সাক্ষী হতে চাইনি
একটানা বৃষ্টি পনেরো দিন চাইনি
লজ্জায় কুণ্ঠিত স্যাঁতসেঁতে অন্ধকার চাইনি
..........................................
(প্রকাশিত)

Comments