ফের আমি আকাশের কথা লিখলাম। ফের বিপন্ন রাতের পাশে হাইওয়ে ধরে চলে যাওয়া ট্রলারের চাকার দাগ রেখে দিয়ে লিখলাম, তুমি নেই। কড়া পাকের এক কাপ চা, আমাকে এক চুমুক মৃত্যুর কেছে এই ফেলে গেছে। চায়ের গেলাসে আমি তাই ভেজা ঠোঁটের গন্ধ পাচ্ছি। বার কি তের বছরের ছেলেটিকে ডেকে বলছি, 'এ বাবু অর এক কাপ চায় লাও'। শ্রান্ত কথাহীন চোখ, সেও হয়তো আমারই মতো অপেক্ষা করছে। হয়তো তার মা, তার বাপ, হয়তো মহাকাল অপেক্ষা করছে। কবে সে ত্রিশূল তুলে নেবে, গেঁথে দেবে আমাকে। তারপর এক খানি নতুন কাপড় কিনে ঘরে যাবে। এক খানি পরিপূর্ণ রাত সে তুলে দেবে বাবা কে। ভাই বোন পাশে রেখে, আর আমি আমার বাইকের ক্ষয়ে যাওয়া টায়ারের দিকে তাকিয়ে ভাবছি ঠিক লিখলাম কি, যে গন্ধ আমি আজও পাই সে তো অদ্ভুত এক নেশার কাছে হাঁটু মুড়ে বসে ছিল। ঠোঁট থেকে উচ্চারিত শব্দে কি বা এসে যায়। যাকিছু বলার ছিল সে তো চোখ বহু আগেই বলে গেছে। যেমন এই ছেলেটি এতগুলি স্বপ্নময় কথা বলে গেল কিছু না বলে। উঠে পড়ি ফেরত খুচরো আর চরম দ্বিধা হাতে নিয়ে। এই রাত, কড়া চা, ছেলেটির হাজার প্রশ্ন পড়ে থাকে পিছনে।
Comments
Post a Comment